গ্যালাক্সি এস২৬ আল্ট্রা: গাঢ় ফ্রেমের গুঞ্জন, ক্যামেরায় বড় চমক থাকছে না?

স্যামসাং গ্যালাক্সি এস২৬ আল্ট্রা (Samsung Galaxy S26 Ultra) আগামী ২০২৬ সালের শুরুর দিকে বাজারে আসার কথা থাকলেও, এখনই ডিভাইসটির নকশা ও স্পেসিফিকেশন নিয়ে নানা তথ্য ফাঁস হতে শুরু করেছে। এমনকি পরবর্তী মডেল গ্যালাক্সি এস২৭ আল্ট্রা নিয়েও আগাম গুঞ্জন শোনা যাচ্ছে। 

এমন সময়েই স্মার্টফোন ক্যামেরার জগতে আসছে বড় পরিবর্তন—সনি (Sony) এবং অমনিভিশন (OmniVision) নিয়ে এসেছে নতুন ২০০ মেগাপিক্সেলের শক্তিশালী সেন্সর, যা প্রিমিয়াম ডিভাইসগুলোর ক্যামেরার মান আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।

সনি এবং অমনিভিশন তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ ফোনগুলোর জন্য ২০০ মেগাপিক্সেলের নতুন সেন্সর এনেছে। সনির LYTIA 901 সেন্সরটি ১/১.১২ ইঞ্চি আকারের এবং এতে উন্নত এইচডিআর (HDR) এবং কোয়াড-কোয়াড বেয়ার (Quad-Quad Bayer) লেআউট ব্যবহার করা হয়েছে। অন্যদিকে, অমনিভিশনের OVB0D সেন্সরটি সামান্য বড় (১/১.১ ইঞ্চি) এবং এর রিমোজাইক ও ডাইনামিক রেঞ্জ উন্নত করা হয়েছে। ভিভো, অপো, শাওমি এবং অনারের মতো ব্র্যান্ডগুলোর আসন্ন প্রিমিয়াম মডেলে এই সেন্সরগুলো ব্যবহৃত পারে।

তবে, টিপস্টার ফোনআর্ট (@UniverseIce)-এর একটি এক্স (আগের টুইটার) পোস্ট অনুযায়ী, স্যামসাং এই ধরনের উচ্চমানের সেন্সর গ্রহণ করার পরিকল্পনা থেকে সরে আসছে বলে জানা গেছে। টিপস্টার আরও জানান, গ্যালাক্সি এস২৭ আল্ট্রার প্রাথমিক পরিকল্পনা ছিল ১/১.১ ইঞ্চির একটি ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা, কিন্তু খরচ ও প্রত্যাশিত লাভের ওপর এর প্রভাব বিবেচনা করে সেই প্রকল্পটি বাতিল করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, স্যামসাং তার পরবর্তী কয়েকটি আল্ট্রা মডেলেও বিদ্যমান এইচপি২ (HP2)-এর মতো ১/১.৩ ইঞ্চি আকারের ২০০ মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা অব্যাহত রাখবে এবং ক্যামেরায় বড় কোনো পরিবর্তন আনবে না।

এস২৬ আল্ট্রা-এ যা আশা করা যেতে পারে
সাম্প্রতিক প্রতিবেদনগুলো ইঙ্গিত দিচ্ছে যে স্যামসাং-এর পরবর্তী ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস২৬ আল্ট্রাতে কোয়াড রিয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে। এর মধ্যে থাকবে একটি ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড শ্যুটার, ৩এক্স অপটিক্যাল জুম সমর্থনসহ একটি ১২ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এবং ৫এক্স অপটিক্যাল জুমসহ একটি ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স।

গ্যালাক্সি এস২৬ আল্ট্রার নকশার ক্ষেত্রে টিপস্টার অন্য একটি পোস্টে যোগ করেছেন যে হ্যান্ডসেটটির কালো ভেরিয়েন্টে রূপালী ফ্রেমের পরিবর্তে আরও গাঢ় ফ্রেম ব্যবহার করা হতে পারে। এতে ডিসপ্লের কিনারা বা বেজেলগুলো বর্তমান গ্যালাক্সি এস২৫ আল্ট্রার মতোই থাকলেও, সেগুলো দৃশ্যত আরও মোটা দেখাবে।

সম্ভাব্য নকশার পরিবর্তন ছাড়াও, গ্যালাক্সি এস২৬ আল্ট্রাতে একটি শক্তিশালী ডিসপ্লে থাকার কথা রয়েছে, যার মধ্যে একটি এআই (AI) চালিত গোপনীয়তা মোড (Privacy Mode) অন্তর্ভুক্ত থাকতে পারে। এই সিস্টেমটি ব্যবহারকারীর কাঁধের ওপর দিয়ে কেউ তাকাচ্ছে কি না তা শনাক্ত করতে পারবে এবং সঙ্গে সঙ্গে স্ক্রিনের বিষয়বস্তু স্বয়ংক্রিয়ভাবে ঝাপসা করে দেবে, যা কেবল মূল ব্যবহারকারীর কাছেই দৃশ্যমান থাকবে।

গুঞ্জন রয়েছে স্যামসাং-এর নতুন এম১৪ ওএলইডি (M14 OLED) ম্যাটেরিয়াল ব্যবহার করা সত্ত্বেও গ্যালাক্সি এস২৬ সিরিজের ডিসপ্লেগুলোর সর্বোচ্চ উজ্জ্বলতা ২,৬০০ নিট (nits)-এ অপরিবর্তিত থাকবে। তবে এই নতুন ম্যাটেরিয়াল স্ক্রিনের দক্ষতা ও স্থায়িত্ব বাড়াবে বলে আশা করা হচ্ছে।